আগে শুনতাম মেয়েরা নাকি "কুড়িতেই বুড়ি।" কিন্তু আমি বাস্তবে দেখতে পাচ্ছি উল্টোটা। সমবয়সী দম্পতিদের মধ্যে প্রায়ই দেখতে পাই মেয়েটাকে ছেলেটার চাইতে বয়সে ছোট দেখায়। এইমাত্র এমন এক পরিচিত দম্পতির ছবি ইনস্টাগ্রামে দেখে এলাম।
একটি, দুটি অথবা তিনটি সন্তানের মা হবার পরেও অনেক চল্লিশোর্ধ মহিলাকে তরুণী বলে ভুল হয়। তারা সবাই যে Botox, fillers করে চামড়া টানটান করে রেখেছে এমন কিন্তু নয়। অবশ্য Botox, fillers ইত্যাদি না করলেও আমার বিশ্বাস skincare এখানে একটি বিষয়। পরিচিত প্রায় সব মেয়ে/মহিলা anti-aging cream, serums, face mask, sunscreen ইত্যাদি কমবেশি ব্যবহার করেন... পুরুষরা করেন না বলাই বাহুল্য।
এছাড়া চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মায়েদের গর্ভকালীন এবং গর্ভপরবর্তী জটিলতা আগের চাইতে কম হয়। পাশাপাশি অতীতের মতন নারীরা বর্তমানে আর পাঁচ, সাত অথবা দশটি সন্তানের মা হননা। ঘনঘন সন্তান ধারণ এবং সন্তান লালন-পালন মায়েদের তারুণ্যকে অল্প বয়সেই শুষে নিত।
শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা এবং সময়ের সাথেসাথে পরিবারের আকার ছোট হয়ে যাওয়ার কারণে মেয়েরা আগের চাইতে অপুষ্টিতেও ভোগে কম। ফ্যাশন সচেতনতার বিষয়টিও এড়িয়ে যাবার সুযোগ নেই; সেটি হতে পারে পোশাক, চুলের কাট অথবা প্রসাধনীর ব্যবহার।
সব মিলিয়ে আজকের দিনের একজন ৫০ বছর বয়সী নারীর ছবির সাথে পঞ্চাশ বছর আগে তোলা ৫০ বছর বয়সী একজন নারীর ছবি মিলিয়ে দেখলে বিস্তর ফারাক চোখে পড়বে।
Comments